ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোয়েল পাখির ডিম বিক্রি করতে গিয়ে হেবজু মিয়া (৫৫) নামে এক ফেরিওয়ালার আকস্মিক মৃত্যু হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকালের দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেবজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টার দিকে কোয়েল পাখির ডিম নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হেবজু মিয়া। পরে বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহটি শনাক্ত করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে হেবজু মিয়ার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে এডিএমের নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : স্কুলছাত্রীকে পরপর লাথি, ভিডিও ভাইরাল; রংপুর থেকে অভিযুক্ত কিশোর আটক


