সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় গিয়ে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রপাড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সমুদ্রপাড়ে জড়ো হওয়া মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।
বাহারছড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। একই সঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ নেতার সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায়। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
হাটহাজারী সরকারি কলেজ মাঠেও প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর অংশ হিসেবে ৩০টি পরিবারকে ঘর নির্মাণে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নিতে পারেন। সভায় দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দলকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সা/


