বিজ্ঞাপন

ইয়াবা বিক্রির ঘটনা আড়াল করতে থানায় ছিনতাইয়ের অভিযোগ

কুমিল্লায় অলিউল আলম নামে ভারতীয় এক নাগরিক ইয়াবা বিক্রির ঘটনা আড়াল করতে থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের তল্লাশি থেকে ছাড়া পেয়ে নিজের অপরাধ আড়াল করতে ওই নাগরিক কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন। অলিউল আলম (৪২) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ভারতীয় নাগরিক অলিউল আলম ভিসা নিয়ে বেশ কয়েক বছর যাবত কুমিল্লায় আসা যাওয়ার মাধ্যমে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ইয়াবা কারবারের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) কাছে গোপন তথ্য আসে।

তাছাড়া ওই কারবারি ইয়াবার স্যাম্পলের ছবি এবং ভিডিও কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কাছে প্রেরণ করেন। এতে ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশে ডিবির এসআই তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী অলিউল আলমের ওপর অনলাইনে নজরদারি শুরু করে।

গত ৩০ জুলাই ডিবির একজন সোর্স ভারতীয় নাগরিকের কাছে ইয়াবা ক্রয়ের প্রস্তাব দেয়। এদিন দুপুরে কান্দিরপাড় বাহার মার্কেটের নিচতলায় অলিউল আলম ইয়াবার একটি প্যাকেট নিয়ে উপস্থিত হন।

এ সময় আগে থেকে ওতপেতে থাকা ডিবি পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। প্যাকেট খুলে দেখা যায় এতে বুটের ডাল। পরে পুরো ঘটনার ভিডিও করে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। এরই মাঝে তার ইয়াবা বিক্রির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এসব ঘটনা ধামাচাপা দিতে ভারতীয় ওই নাগরিক কোতোয়ালি মডেল থানায় ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করেন, তিনি বৈধ কাগজপত্র ও পাসপোর্টের মাধ্যমে গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে বিবির বাজার চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার আব্দুল মতিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থানরত তার খালাতো ভাই মাহাবুবুল আলমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

পরবর্তীতে খালাতো ভাইয়ের পরিবারের জন্য কেনাকাটা করতে দুপুর অনুমান ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে কান্দিরপাড় বাহার মার্কেটের সামনে পৌঁছালে ৫/৬ জনের একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। অভিযুক্তরা তার কাছে অবৈধ মালামাল আছে বলে একটি বিরিয়ানির দোকানের ভেতর নিয়ে যায়।

সেখানে তার কাছ থেকে ভারতীয় ১৭,৫০০ রুপি, বাংলাদেশি নগদ ১১,৩০০ টাকা এবং গলায় থাকা আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাকে থানায় সোপর্দ করার হুমকি দিয়ে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ডিবি পুলিশ জানায়, মূলত ইয়াবা কারবার আড়াল এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের যোগসাজশে এই অভিযোগ করেন ভারতীয় ওই মাদক ব্যবসায়ী। তবে অভিযোগে ডিবি পুলিশ কিংবা কারো নাম তিনি উল্লেখ করেননি।

অলিউল আলম বলেন, আমি ভারতীয় নাগরিক বুঝতে পেরে ছিনতাইকারীরা আমার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে। আমি মাদক ব্যবসায় জড়িত নই।

ডিবির এসআই তৌফিক হোসেন বলেন, সেদিন তার কাছে ইয়াবা না পাওয়ায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। কুমিল্লার বহু মাদক সিন্ডিকেটের সাথে তার যোগসাজশ পাওয়া গেছে। তার ইয়াবা বিক্রির ছবি ভিডিও আমাদের হাতে রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ভারতীয় এক নাগরিকের দেওয়া একটি অভিযোগ পেয়েছি। তবে তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির বেশ কিছু ছবি পুলিশের হাতে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

কুমিল্লা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ বলেন, অলিউল আলম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসা আড়াল করতেই সে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাঠানো তার ইয়াবার ছবি ভিডিও আমাদের হাতে এসেছে। আমরা তার গতিবিধির ওপর নজর রাখছি।

পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন