জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেল ৪টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আদিবাসী কমিউনিটি ও মিনি কালচারাল হাউজের সহ-সভাপতি বিমল পাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা আদিবাসী সংঘের উপদেষ্টা কার্ত্তিক চন্দ্র সিং ও অধ্যাপক সুদর্শন সরকার, পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী একাডেমীর নির্বাহী সদস্য অজিত সরদার, কারিতাস আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা কস্তানটিনা টপ্য, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সিং, জেলা আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ পাহান এবং জেলা মুন্ডা এসোসিয়েশনের সভাপতি হরিপাল পাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আদিবাসী কমিউনিটি ও মিনি কালচারাল হাউজের সাধারণ সম্পাদক এবং আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার সিং।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আদিবাসী ধাত্রীদের সামাজিক সম্মান ও স্বীকৃতি প্রদানের জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ে শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় ৬ জন সফল নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
এদিন বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও জাতীয় পরিচয় নিশ্চিতকরণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করে জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটি। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
উল্লেখ্য, প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো: জীবন ও সুস্থতা রক্ষা করা’।
পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন
ইমি/


