যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে বেনাপোল সীমান্তের শাহজালাল ফিলিং স্টেশনের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পাশে কবির হোসেনের হার্ডওয়ারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বেনাপোলসহ দেশের বিভিন্ন থানায় ৩ টি মাদকের মামলা ও একটি সিআর মামলা রয়েছে।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করেন। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাপোষ্টকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো করা হবে। তিনি কার কাছ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ বা বিক্রির চেষ্টা করছিলেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পড়ুন : ‘সহজ ধারার’ আশ্বাসে ঘুষ, অডিও ফাঁসের পর শৈলকুপার এসআই তরিকুল প্রত্যাহার


