যশোর সহকারী জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রাত ৮টা ১৫ থেকে ২০মিনিটের মধ্যে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরপর তিনটি বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, তারা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে এসে ধোঁয়া দেখতে পান এবং অনেক লোককে সেখানে ভিডিও করতে দেখেন। তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ নেতৃবৃন্দ।
তারা জানান, শান্তিপ্রিয় যশোর শহরকে অশান্ত করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে এ ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়ে তারা বলেন, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ককটেল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেওয়ালে দুটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পড়ুন : মহাসড়কে নতুন কৌশলে ছিনতাইয়ের ফাঁদ, সতর্কবার্তা নিয়ে মাঠে মিরসরাই পুলিশ


