বিজ্ঞাপন

হ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

রোববার (১০ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপের এই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷

সরেজমিনে দেখা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। নিয়মিত ময়লা ফেলায় সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছিল।
স্থানটি কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ময়লার স্তূপ ও দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হতো।

বিষয়টি ‘হ্যালো ডিসি’তে অভিযোগের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত ময়লা ফেলা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ করার পর দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। নাগরিকদের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের বিষয়টি অভিযোগের মাধ্যমে আমাদের নজরে আসার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলেন, সে বিষয়ে স্থানীয়দেরও সচেতন হতে হবে। ‘হ্যালো ডিসি’র মাধ্যমে নাগরিকদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন