বিজ্ঞাপন

সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেন সামিরা-আজিজ

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই-এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রোববার (৯ আগস্ট) ডনকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ তথ্য জানান মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলেও, তিন দশক পরও থামেনি সেই মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন।

রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীর।

শুধু হত্যার পরিকল্পনাই নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই গ্রেফতার হন রিজভী আহমেদ। পরে, একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেফতার ঘিরে নতুন করে সামনে এসেছে পুরোনো সেই অভিযোগ ও রহস্য। এখন তদন্তে এসব অভিযোগের কতটা সত্যতা মেলে, তা নির্ধারণ করবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন