চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের অভিযোগ তুলে একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ডা. এস. এম. সরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল তার এবং তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। এ কাজে কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন সময়ে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
ডা. সরওয়ার আরও অভিযোগ করেন, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করে তার কাছে অর্থ দাবি করা হয়েছে। এ ধরনের কয়েকটি ফোনালাপের অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের সামাজিক ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন ডা. সরওয়ার। তিনি বিষয়গুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।
একই সঙ্গে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
পড়ুন: রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা অব্যাহত হয়েছে: আইআইএমএম
আর/


