বিজ্ঞাপন

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হাজতি আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এদিন জামিন শুনানি শেষে সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট দেখিয়ে সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকির অভিযোগ করেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে আলমগীর কুমকুম সাংবাদিকদের ওই স্ক্রিনশট দেখান। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভের কমেন্টে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।’

আলমগীর কুমকুম বলেন, এ ঘটনায় তারা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। কারণ সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত সালমান ভক্ত মামুন সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুক লাইভ করছিলেন তিনি। এ সময় লাইভের কমেন্টে ওই হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়।

তিনি বলেন, সালমান ভক্তরা ৩৯ বছর ধরে দাবি করে আসছেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর এমন হুমকি আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি মামলার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন মঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে আশরাফুল হক ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে হেফাজতে নেয়।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময়ে মামলাটির তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বিজ্ঞাপন

পড়ুন : সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন