নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারগুলোর ৪৮ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ট্রলারগুলো সাগরে তলিয়ে গেলেও একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নিঝুমদ্বীপের কাছাকাছি সাগরে হঠাৎ ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের সৃষ্টি হলে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া পাঁচটি ট্রলারের মধ্যে তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের এবং অপর দুটি চরফ্যাশন এলাকার বলে জানা গেছে।
আমতলী ঘাটের তিনটি ট্রলারের মাঝি হিসেবে নাসির উদ্দিন, জহির উদ্দিন ও জাহেদের নাম জানা গেছে। জহির মাঝির ট্রলারের মালিক লুৎফুল্লাহিল নিশান জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে সাগর উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়ে। পরে কাছাকাছি থাকা অন্য মাছধরা ট্রলারের জেলেরা এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারগুলোর মাঝি-মাল্লাদের উদ্ধার করেন।
তিনি জানান, নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া আমতলী ঘাটের তিনটি ট্রলারের পাশাপাশি চরফ্যাশন এলাকার আরও দুটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে।
নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কবলে পড়া ৪৮ জন জেলেকে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারগুলো ভেসে ওঠার খবর পাওয়া গেলে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর ও নদীতে উত্তাল ঢেউ থাকায় জেলে ও নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পড়ুন:মৃত্যুর আগে নিরাপদ ঘর: কিরণ হাজংয়ের আকুতি পূরণে ভারপ্রাপ্ত স্পিকার
ইমি/


