জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটিয়ার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
রোববার (১০ আগস্ট) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুমোদনে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে লায়ন এ এম মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, নতুন দায়িত্বকে তিনি পদ হিসেবে নয়, গণমানুষের প্রতি আমানত হিসেবে গ্রহণ করছেন। দক্ষিণ চট্টগ্রামের মানুষের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, এনসিপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন। বিভাজনের পরিবর্তে ঐক্য, প্রতিহিংসার পরিবর্তে ন্যায় এবং ক্ষমতার রাজনীতির পরিবর্তে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নবগঠিত কমিটির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা দলটির নেতাকর্মীদের।
পড়ুন:সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট
ইমি/


