বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার: নেত্রকোনায় চেক হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা গুরুতর আহত হয়ে আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তার অংশ হিসেবে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, নেত্রকোনা সার্কেলের যৌথ উদ্যোগে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। তিনি নিজে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেকগুলো তুলে দেন। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং বিআরটিএ নেত্রকোনার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জি. এম. নাদির হোসেনসহ জেলা প্রশাসন ও বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো পরিবার তাদের উপার্জনক্ষম স্বজন হারালে বা কোনো সদস্য চিরতরে পঙ্গু হয়ে গেলে সেই পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনোভাবেই টাকায় পরিমাপ করা সম্ভব নয়। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারগুলো যেন কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে এবং তাদের আর্থিক দুর্দশা কিছুটা লাঘব হয়, সেই লক্ষ্যেই সরকারের এমন মানবিক উদ্যোগ। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদানকৃত আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

চেক বিতরণের সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি পরম মমতায় তাদের বর্তমান জীবনযাপন, প্রয়োজন ও দৈনন্দিন সমস্যার খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্বজন হারানোর শোকের মাঝেও সরকারের এই অপ্রত্যাশিত সহায়তায় তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অর্থ তাদের শোক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এবং আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে নিয়মানুযায়ী এককালীন আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো।

পড়ুন : মধ্যরাতে দীর্ঘ লোডশেডিংয়ে রাজধানীবাসীর হাঁসফাঁস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন