এক দশকের বেশি সময় ধরে নাটক লেখার মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে বেশ পরিচিতি লাভ করেছিলেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তানিন রহমানের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এদিন বিকেলে সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি জানান, আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে নির্মাতা আশিকুর রহমান সহকর্মী তানিন রহমানের মৃত্যুর ব্যাপারে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
কিছুদিন আগে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্নও হয়।
তারপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। কিন্তু এদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
তানিন রহমানের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিভিন্ন সময় তার অসংখ্য গল্প ও চিত্রনাট্যে কাজ করেছেন এ অভিনেতা।
এদিন ফেসবুকে তানিন রহমানের একটি ছবি পোস্ট করে অভিনেতা অপূর্ব লেখেন, আমার অসংখ্য নাটকের রাইটার তানিম রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তানিম রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, কবরের আজাব মাফ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমিন)।
এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বিভিন্ন সময় টিভি নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন তানিন রহমান। তার লেখা উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।
পড়ুন : ত্রিমুখী গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর হেনড্রি


