বাড়ির গেটের ছাদ পড়ে সোহাগ হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। সোহাগ হোসেন ঐ গ্রামের আব্দুস সালামের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সুত্রে জানাগেছে, সকাল সাড়ে ১১ টার দিকে সোহাগ হোসেন বাড়ির সীমানা প্রাচীরে উঠে পেয়ারা পাড়ছিলো। পেয়ারা পাড়া শেষ হলে প্রাচীর থেকে নামার সময় গেটের ছাদ ধরে নামতে গেলে ছাদটি তার শরীরের উপরে পড়ে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাংনীতে হাসপাতাল বাজারে পৌছুলে তার অবস্থা আরও অবনতি হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, রোগী মেহেরপুর হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলো। এ পর্যন্ত আসতে আসতে রোগীর অবস্থা খারাপ দেখে এখানে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মারা গেছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্ক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

