নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শাহ আলম (৬৫) নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে আট্টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট এলাকায় ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহ আলম মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিনিবাসদী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। কর্মজীবনে তিনি প্রায় ২২ বছর প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তিনি দুইবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের বড় ছেলে তানজিমুল তৌহিদ লিমন বলেন, বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে আমাদের সঙ্গে বসবাস করছিলেন। তিনি দুবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। বাবা শুধু নামাজ পড়তে বাসা থেকে বের হন। আজ আছরের আগে বাসা থেকে বের হয়েছে, ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এভাবে বাবাকে হারাতে হবে, কখনো ভাবিনি। এ সময় তিনি আপ্লুত হয়ে বারবার কান্নায় মূর্ছা যান।
নিহতের সহপাঠী চিকিৎসক কামাল উদ্দিন বলেন, প্রতিদিন তাঁরা একসঙ্গে স্টেশন মসজিদে নামাজ পড়তেন। আজ তাঁর সঙ্গে একবারও দেখা হয়নি। এশার নামাজ পড়তে এসে তিনি জানতে পারেন, শাহ আলম ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীলিপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

