চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার এলাকার একটি পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত দুই বোন হলেন উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মোহাম্মদ ইউনুসের মেয়ে আয়শা আক্তার (১০) ও আমেনা বেগম (১১)।
জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে দুই বোন বাড়ির কাছের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুই বোনকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই বোনকে মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মাঝে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।
পড়ুন : কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর কর্মসূচি, নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার


