মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি টিম জানালিস্টকে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : খালেদা জিয়ার জন্মদিনে পিরোজপুর জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ


