শব্দদূষণ নিয়ন্ত্রণে খুলনার সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬টি যানবাহন থেকে ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় আইন অমান্যের দায়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সোনাডাঙ্গা এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি যানবাহন তল্লাশি করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ৬টি গাড়ি থেকে মোট ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসিফ আলম।
অভিযানের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা


