শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিআইআইডির মহাপরিচালকের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
এ সময় মো. মইনুল আবদীন নামক এক যাত্রীর কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও চারটি আইফোন,আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ করা হয়।
এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানা বিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি সূত্রে জানা গেছে, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ TTI অনুযায়ী এর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
জব্দ ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ TTI অনুযায়ী শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় এ ধরনের গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:সৈয়দপুরে জাল দলিলের মাধ্যমে জমি দখল ও বিএস রেকর্ডের অভিযোগে সংবাদ সম্মেলন
ইমি/


