বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল ঢাকা কলেজ প্রাঙ্গণ। মুক্তচিন্তা, যুক্তি ও প্রজ্ঞার বিকাশের লক্ষ্য নিয়ে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (DCDS) আয়োজন করে ‘কোকা-কোলা প্রেজেন্টস ৫ম ডিসিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ৬৪টি বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো নিজেদের যুক্তি ও বিতর্ক দক্ষতা তুলে ধরে।
সমাপনী ও চূড়ান্ত পর্বে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দল নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
কলেজ পর্যায়ে স্বাগতিক ঢাকা কলেজকে পরাজিত করে শিরোপা জিতে নেয় নটর ডেম কলেজ। আর স্কুল পর্যায়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “সমাজকে প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণের এই সংস্কৃতি তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকশিত করে।”
বক্তব্যের একপর্যায়ে ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা ও প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর আজিজুর রহমান পাভেল বলেন, “এই প্রতিযোগিতা কেবল জয়-পরাজয়ের কোনো মঞ্চ ছিল না, এটি ছিল সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা মেধাবী বিতার্কিকদের ধারণাধারণা ও চিন্তার এক মহামিলনমেলা। আমাদের মূল লক্ষ্য ছিল বিতর্ক প্রতিযোগিতার মান বজায় রেখে এটিকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করা, যা আমরা অর্জনে সক্ষম হয়েছি। এই দীর্ঘ ও সুসংগঠিত আয়োজনকে সফল রূপ দিতে যারা রাত-দিন পরিশ্রম করেছেন—সেইসব ভলান্টিয়ার, দূরদর্শী বিচারকমণ্ডলী, অংশগ্রহণকারী বিতার্কিক, কলেজ প্রশাসন এবং আমাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে মেধা বিকাশ ও মুক্তচর্চার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল কোকা-কোলা। সহ-পৃষ্ঠপোষক হিসেবে ছিল ঢাকা ব্যাংক এবং শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ভার্বোলিক্স।


