প্রযুক্তির অপব্যবহারের খপ্পরে পড়ে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন। তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ২০২৪ সালের বলে দাবি করা একটি সূত্রবিহীন অডিওকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
চসিক সচিবের অভিযোগ, তাঁর কণ্ঠস্বর নকল করে কিংবা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অডিওটি তৈরি ও প্রচার করা হয়ে থাকতে পারে। তাঁকে হয়রানি এবং সামাজিক ও পেশাগতভাবে হেয় করতেই একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি তাঁর।
আশরাফুল আমিন ‘নাগরিককে’ বলেন, অডিওতে থাকা কণ্ঠ তাঁর নয়। ফলে ওই অডিওর ভিত্তিতে প্রকাশিত অভিযোগগুলোরও কোনো ভিত্তি নেই।
আগ্রাবাদে নতুন বাড়ি নির্মাণের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, আগ্রাবাদেই তাঁর জন্ম, বেড়ে ওঠা ও দীর্ঘদিনের বসবাস। চট্টগ্রামসহ দেশের কোথাও কিংবা বিদেশে তাঁর, তাঁর স্ত্রী বা সন্তানদের নামে কোনো বাড়ি, জমি বা ফ্ল্যাট নেই। প্রায় ২০ বছর আগে তাঁর বাবা যে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, বর্তমানে তিনি ভাইদের সঙ্গে সপরিবারে সেখানেই বসবাস করছেন।
নিজের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও অসত্য বলে দাবি করে তিনি বলেন, মেয়রের নির্দেশনায় চসিকের বিভাগীয় প্রধানরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন এবং সরকারি বিধিবিধান ও প্রশাসনিক এখতিয়ারের মধ্য থেকেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আশরাফুল আমিনের অভিযোগ, মেয়রের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার অসৎ উদ্দেশ্যেই একটি দুষ্টচক্র তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একক আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে হয়রানি ও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এ ক্ষেত্রে তিনি পেশাদার সাংবাদিকদের সহায়তাও কামনা করেন।
এদিকে, এ ঘটনায় চসিকের বেশ কয়েকজন কর্মকর্তা এবং মেয়রের অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আমিনের পক্ষ নিয়ে পোস্ট করতে দেখা গেছে। তাঁদের অনেকেই সূত্রবিহীন অডিও ছড়িয়ে একজন সরকারি কর্মকর্তাকে হয়রানি ও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
পড়ুন:ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
ইমি/


