বর্ডার গার্ড বাংলাদেশ এর যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়ায় ম্যাগাজিনসহ দুইটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক একটি বিশেষ টহলদল নিয়ে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে গভীর রাতে মোবাইল চেকপোস্ট স্থাপন করেন।
বিজিবি জানায়, পানছড়ির দিক থেকে আগত একটি মোটর সাইকেল’কে (দুইজন আরোহীসহ) চেকপোস্টে থামার সংকেত দিলে। বিজিবি টহলদলকে দেখতে পেয়ে মোটরসাইকেলটি প্রাথমিক পর্যায়ে গতি কমিয়ে দিলেও পরক্ষণেই দ্রুত উল্টো ঘুরে তাইন্দং এর অভিমুখে পালিয়ে যেতে শুরু করে। বিজিবি টহলদলও সাথে থাকা যানবাহন নিয়ে সন্দেহজনক মোটর সাইকেলটিকে ধাওয়া করে। প্রায় ২-৩ কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটর সাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার রাস্তা অনুসরণ শুরু করলে বৃষ্টি, কাদা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং সরু রাস্তার কারনে বিজিবির টহল পিকআপের সাথে মোটর সাইকেলের কিছুটা দূরত্ব তৈরী হওয়ার সুযোগে দুর্বৃত্তরা রাস্তার পাশের একটি কালভার্টের নীচে মোটর সাইকেলটি ফেলে পাহাড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত মোটর সাইকেলটিকে উদ্ধার করে সীটের নীচ হতে উপরোল্লিখিত বিদেশী অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর রয়েছে।
পড়ুন : এআই ক্যামেরায় মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


