গাজীপুরের শ্রীপুরে সক্রিয় ‘হানিট্রাপ’ চক্রের চার সদস্যকে আটক করে মারধর শেষে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এবং জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে
গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় বাড়িওয়ালা খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট। চক্রটির মূল হাতিয়ার ছিল দুই তরুণী। প্রেমের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক পুরুষ।
সম্প্রতি মাওনা চৌরাস্তার মোবাইল ব্যবসায়ী নাছিরকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে চক্রটি। এরপর তার কাছ থেকে আদায় করা হয় দেড় লাখ টাকা মুক্তিপণ। এই ঘটনা জানাজানি হতেই ফুঁসে ওঠে এলাকার সচেতন জনতা।
(মঙ্গলবার ১৮ আগষ্ট) সকালে টেপিরবাড়ি এলাকায় একজোট হয়ে হানিট্রাপ চক্রটিকে ঘেরাও করে স্থানীয়রা। আটক করা হয় আশ্রয়দায়ক বাড়িওয়ালার স্ত্রীসহ মূল চার কুশীলবকে। এ সময় উত্তেজিত জনতা তাদের উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, পুরো চক্রটির অপরাধচিত্র উন্মোচনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


