ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল। বায়ার্ন মিউনিখের এই তারকাকে সৌদি লিগে নেওয়ার পরিকল্পনাকে ক্লাবটির বড় ট্রান্সফার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেইনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে আল-হিলাল। আক্রমণভাগ শক্তিশালী করতে তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।
প্রতিবেদন অনুযায়ী, কেইনের ভাই ও এজেন্ট চার্লি কেন সম্প্রতি আল-হিলালের টেকনিক্যাল ফুটবল ডিরেক্টর সাইমন ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছেন। বর্তমানে ইংল্যান্ডে থাকা ফ্রান্সিস ক্লাবটির সম্ভাব্য স্ট্রাইকারদের তালিকা নিয়ে কাজ করছেন।
আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে আল-হিলাল। এরই মধ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ক্রিসেনসিও সামারভিলকে দলে নিয়েছে তারা। আরও একজন উইঙ্গার ও একজন স্ট্রাইকার নেওয়ার চেষ্টা চালাচ্ছে সৌদি ক্লাবটি।
স্ট্রাইকার হিসেবে কেইনকে অগ্রাধিকার দিলেও বিকল্প হিসেবে আরও কয়েকজনকে বিবেচনায় রেখেছে আল-হিলাল। উইঙ্গার পজিশনে সাভিনিও ও পেদ্রো নেতোর মতো খেলোয়াড়দের নিয়েও ভাবছে তারা।
এদিকে কেইনকে ছাড়তে আগ্রহী নয় বায়ার্ন মিউনিখ। ইংলিশ তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষের দিকে থাকায় তার সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তির উদ্যোগ নিয়েছে জার্মান ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, আরও তিন বছরের জন্য চুক্তি বাড়িয়ে কেইনকে ২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নে রাখার পরিকল্পনা করছে ক্লাবটি।
আল-হিলালের আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। করিম বেনজেমার ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডারউইন নুনেজকে ধারে তুরস্কের ট্রাবজনস্পোরে পাঠানোর বিষয়টিও এগিয়ে যাচ্ছে।
কেইনকে ঘিরে আল-হিলালের আগ্রহ শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিলে এবারের ট্রান্সফার বাজারে তা বড় চমক হতে পারে। তবে তাকে ধরে রাখতে বায়ার্নের প্রচেষ্টা এবং কেইনের নিজের সিদ্ধান্তই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পড়ুন: ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করেছে ফিফা
আর/


