যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে হয়েছে ৮৫ দশমিক ৩১ ডলার।
মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে আসা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই পথে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
পড়ুন: কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত
আর/


