বিজ্ঞাপন

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : জ্বালানি-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সফরকালে তিনি কাতারের শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রবাসী আয়, প্রতিরক্ষা, যোগাযোগ ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গতকাল সকালে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের প্রথম দিনে ড. খলিলুর রহমান কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, ব্যাংকিং ও অন্যান্য অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এরপর তিনি কাতার এনার্জির সদর দপ্তরে জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবীরের সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মার্রির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের দ্বিতীয় দিনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জ্বালানি নিরাপত্তা, জনশক্তি ও প্রবাসী আয়, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়।

এ সময় কাতারের প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল দোহায় আল-জাজিরা সদর দপ্তর পরিদর্শন করে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাঁর সঙ্গে সফররত দশ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কাতারের মধ্যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জ্বালানি, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও কাতারের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন