বিজ্ঞাপন

তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন।

মন্ত্রী থানার বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি থানায় কর্মরত সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি (সাধারণ ডায়েরি) ও অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন তিনি।

পরে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনও মাধ্যম ছাড়াই সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পরিবহন সংকটে নাকাল চট্টগ্রাম, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন