ঢাকার ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া তালতলা এলাকায় একটি ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস এর সদস্যরা।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ছয়বাড়িয়া তালতলা এলাকায় অবস্থিত পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্নভাবে নির্বাপণ করা হয়।
ধামরাই ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক প্রায় ১০০.৫০ ফুট আয়তনের দুইতলা সেমিপাকা ভবনটিতে ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কাজ করা হতো। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে আনুমানিক এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


