খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সরকার ওমর ফারুক। রোববার (২৩ আগস্ট) তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণের পর পুলিশ সুপার সরকার ওমর ফারুক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবার কাছ থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, মোঃ বাবুল হোসাইন হাওলাদার, এম. এম. তারিক-উল্লাহ্, শাহেদুল ইসলাম ও বিপ্লব কুমার নন্দী।
এছাড়া খুলনা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের নেতৃত্ব দেবেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

