গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করা আব্দুল আলীম অভি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাজনৈতিক দলের সকল পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
জানা গেছে, উপজেলার বরিয়াবহ গ্রামের পীরবাড়ির বাসিন্দা আব্দুল আলীম অভি গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিও বার্তায় তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা দলীয় পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ভিডিও বার্তায় আব্দুল আলীম অভি জানান, তিনি তরিকাপন্থিদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পরবর্তীতে তার সঙ্গে আলাপকালে আব্দুল আলীম অভি বলেন, “আমি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠনের সাংগঠনিক পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্ব পালন করছি, তাই সংগঠনের নীতি অনুযায়ী রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে আমি কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে থাকব না।”
তিনি আরও বলেন, “অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তরিকতের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষের পাশে থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম অভি দীর্ঘদিন ধরে শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তিনি দলীয় রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমে মনোনিবেশ করার ঘোষণা দিয়েছেন।
তার এ ঘোষণার বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।
পড়ুন : ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
সা/


