নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও তা না নিয়ে পুরোনো বলেই আস্থা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিয়ে নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে ভর করেই প্রথম ইনিংসে ২৪৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
ম্যাচের এক পর্যায়ে নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন আক্রমণেই ভরসা রাখেন শান্ত। যার সুবাদে ৪ উইকেট শিকার করে ইনিংসের শেষটা দারুণভাবে রাঙান নাঈম। ৮১তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফকে এবং ষষ্ঠ বলে জোমেল ওয়ারিক্যানকে সাজঘরে ফেরান তিনি। জোসেফকে আউট করার মাধ্যমেই টেস্ট ক্যারিয়ারে উইকেটের অর্ধশতকের (৫০ উইকেট) মাইলফলক স্পর্শ করেন এই ডানহাতি স্পিনার। এর আগে ৯ উইকেট হারিয়ে ৮২ ওভারে ২৪৫ রান সংগ্রহ করে অলআউট হয় সফরকারীরা। রোস্টন চেজ ৪৩ রান নিয়ে অপরাজিত থাকলেও শেষ ব্যাটার হিসেবে নামা জেডেন সিলস খাতা খুলতে পারেননি।
ম্যাচের শুরুতে শরীফুল ইসলামের হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। নিজের তৃতীয় ওভারেই বাঁহাতি এই পেসার ফিরিয়ে দেন তেজনারায়ণ চন্দরপলকে। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ১৩৬ বল স্থায়ী ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি।
চন্দরপলের বিদায়ের পর ক্রিজে এসেই চার মেরে ইনিংস শুরু করেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। এর কিছু সময় পর নাঈমের করা ৭৩তম ওভারের একটি অতিরিক্ত বাউন্স ও ভেতরে ঢোকা বল চেজের গ্লাভসে লেগে শর্ট লেগে চলে যায়। সেখানে মুমিনুল হক দুর্দান্ত চেষ্টা চালালেও ক্যাচটি লুফে নিতে পারেননি। তবে লাঞ্চ বিরতির ঠিক আগের মুহূর্তে আঘাত হানেন নাঈম হাসান। ১৬তম টেস্ট খেলতে নামা এই স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ৪৬ রান করে ফেরেন সেট হয়ে যাওয়া জাস্টিন গ্রিভস। তার বিদায়ের পরই প্রথম সেশনের খেলা শেষ হয়।
লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমেই প্রথম বলে চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন অভিষিক্ত জোশুয়া বিশপ। তবে ক্রিজে এসে ঝড় তোলার চেষ্টা করলেও তার সেই স্থায়িত্ব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ বলে ১৫ রান করা এই ব্যাটারকে দারুণ এক স্টাম্পিংয়ে সাজঘরে ফেরান অভিজ্ঞ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
বোলিং লাইনআপে শরিফুল ও মিরাজের অবদানের পাশাপাশি দিনের শেষভাগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে মূখ্য ভূমিকা পালন করেন নাঈম হাসান। সব মিলিয়ে স্পিনারদের নৈপুণ্যে ক্যারিবীয়দের অল্পতেই আটকে দিয়ে চালকের আসনে থেকেই প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ দল।
পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ
সা/


