দুনিয়ার মজদুর এক হও’—এই স্লোগানকে সামনে রেখে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৪৭), দিনাজপুর জেলা কমিটি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় গণপূর্ত বিভাগীয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত বিভাগীয় চত্বরে এসে শেষ হয়।
দিনাজপুর জেলা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে সংগঠনের নেতাকর্মী ও গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের সাধারণ কর্মচারীরা অংশ নেন।
মিছিল শেষে গণপূর্ত বিভাগীয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ অবস্থায় কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কর্মচারীদের বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে দিনাজপুর জেলা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম লিটনসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : দেশে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি
সা/


