ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টির প্রভাবে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢুকেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। এতে প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। তবে সোমবার দুপুর থেকে হাওড়া নদীর আশপাশের কিছু এলাকার পানি কমতে শুরু করেছে। এখনো হাওড়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার জমিতে পানি বাড়তে শুরু করে। সোমবার সকাল থেকে হাওড়া নদীর আশপাশের পানি কমতে থাকে। তবে কালন্দী খালসংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত পানি আগের অবস্থাতেই ছিল।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আকস্মিক পানি বাড়ায়. উপজেলার দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কিছু জমি তলিয়ে গেছে। তবে দ্রুত পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে। এ কারণে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
এদিকে ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যটির ১৭টি আশ্রয়শিবিরে চার শতাধিক পরিবারের প্রায় ১ হাজার ৩০০ মানুষ আশ্রয় নিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, হাওড়া নদীর আশপাশের পানি কমছে। কালন্দী খালের পানিও দুপুরের পর থেকে কমছে। আশপাশের জমিতে পানি থাকলেও বাড়িঘরে এখনো পানি ওঠেনি এবং আশ্রয়কেন্দ্র খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ইমি/


