দেশের অধিকাংশ চালক ‘ফিটনেসবিহীন’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই অনেক চালক হেলপার থেকে ড্রাইভার হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, ‘আমাদের সবার অঙ্গীকার হবে যে, ২০৩০ সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে পারি। আমার কাছে সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণ মনে হয়েছে। এতো গবেষণার প্রয়োজন নেই। এর মধ্যে আছে ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেসবিহীন ড্রাইভার। দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন কারণ তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছেন। আর হচ্ছে সচেতনতার অভাব। এছাড়া রয়েছে অনিয়ন্ত্রিত গতি।’
তিনি বলেন, ‘প্রতিবছর ৫ হাজারের কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এ সংখ্যাটি হ্রাস করতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন করতে কাজ করছে সরকার।’
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমাতে মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন এবং ১০ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘হাইওয়ের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন ও ১০ কিলোমিটারের মধ্যে যাতে এম্বুলেন্স থাকে তা নিশ্চিত করা হবে।’


