গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুন্সিরটেক এলাকায় অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ট্যাংকটির ঢাকনা না থাকায় অসাবধানতাবশত সেখানে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় মুন্সিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্যামনগর গ্রামের সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্লে-নার্সারির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় মোজ্জাফর আলীর বাসায় ভাড়া থাকত। তার বাবা পেশায় একজন চা দোকানি।
রোববার সন্ধ্যায় শিশুটি পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে মাহমুদা বেগমের বহুতল ভবনের সামনে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা সেফটি ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সফিপুরের তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকটির কোনো ঢাকনা ছিল না। ফলে এটি পথচারী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। যথাযথভাবে ঢাকনা না দেওয়ার কারণে বাড়ির মালিকের অবহেলাকেই এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
ইমি/


