কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় অসাবধানতাবশত তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে হাসপাতালের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

