যশোরের কেশবপুরে বাবার মরদেহ দাফন করার জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ৯ নং গৌরুঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো নিহত আব্দুল খালেক মানের বড় ছেলে মাহবুবুর রহমান মান (৫২) ও তার স্ত্রী মোমতাজ বেগম (৪৫), ছোট ছেলে আসাবুল (৪৫) এবং তার স্ত্রী হালিমা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান সন্যাসগাছা গ্রামের আব্দুল খালেকের (৭৪) মৃত্যুর পর তার দুই ছেলের কেউই দাফন করার জায়গা দিতে না চাওয়ায় তাদের মধ্যে মারামারি ও জখমের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির মরদেহ দাফন সম্পন্ন করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এলাকাবাসী জানান, মৃত খালেক মান তার দুই ছেলের নামে জমি দলিল করে দেন। এক ছেলের নামে রাস্তার পাশে ডাঙা জমি ও অপর ছেলে পারিবারিক কবরস্থান লিখে নেয়। জায়গা জমি নিয়েই দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন,মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং মরদেহ দাফন করা হয়েছে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় কাল


