মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে ৪৭ বিজিবি। মঙ্গলবার ভোরে ধলা, শেওড়াতলা ও রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ধলা বিওপির দায়িত্বপূর্ণ মোল্লাপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠ থেকে উদ্ধার করা হয় ২২ বোতল ফেনসিডিল, ১ হাজার ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার টাকা।
এছাড়া রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিজপাড়া মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন : মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসাকর্মী নিহত
সা/


