ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিতে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে জমিতে হালচাষের পাওনা টাকা পেতেন একই গ্রামের আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জামাল মিয়া ও আইয়ুব খানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দেওয়া নারীকে বাঁচিয়ে পুরস্কৃত হলেন সেই পুলিশ সদস্য


