বেড়ায় দৈনিক কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পাবনার বেড়ায় এক গণমাধ্যমকর্মীকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সরকার আরিফ ইখতেখার (৩৩)।
বুধবার (২৬ আগস্ট) বেড়া থানায় উপস্থিত হয়ে তিনি এ জিডি করেন। জিডি নম্বর- ১৩০৩। ভুক্তভোগী আরিফ বেড়া পৌর এলাকার দক্ষিণ কর্মকার পাড়ার মৃত সরকার আরিফুর রহমানের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট (সোমবার) বিকেল ৪টা ২৩ মিনিটে একটি অপরিচিত নম্বর (০১৩৪৪-৬১৪২৬৬) থেকে সাংবাদিক আরিফ ইখতেখারের ব্যবহৃত মুঠোফোনে (০১৬৭০-২২৪২৩২) ফোন আসে। ফোনে অপর প্রান্তের ব্যক্তি আরিফকে প্রাণনাশের হুমকি দেওয়াসহ তার পরিবারের ক্ষয়ক্ষতি করার ভয়ভীতি প্রদর্শন করে।
হুমকিদাতা দাবি করেন, উপজেলা প্রশাসন থেকে বৈধ বালু ব্যবসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেপথ্যে আরিফের ভূমিকা রয়েছে এবং তার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিক আরিফ ইখতেখার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। কারণ তিনি উপজেলা প্রশাসনের কেউ নন, তিনি পেশায় একজন সাধারণ গণমাধ্যমকর্মী। ভিত্তিহীন অভিযোগে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, সাংবাদিকের আবেদনের ভিত্তিতে থানায় জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

