চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ৩০ বছর ধরে রহস্যে থাকা এই হত্যা মামলায় আসামিদের শনাক্ত করা এবং পলাতকদের অবস্থান জানতে ডনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা ডনকে সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এর আগে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও দেখাতে পারেননি বলে দাবি করেন তারা।
পরে উভয়পক্ষের বক্তব্য শুনে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পড়ুন: মক্কায় রেড অ্যালার্ট জারি
আর/


