সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রদেশ মক্কায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
বুধবার (২৬ আগস্ট) একই সতর্কবার্তা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে মক্কা অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। বিশেষ করে জলমগ্ন এলাকা, নিম্নাঞ্চলের উপত্যকা ও বাঁধের আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
‘রেড অ্যালার্ট’ আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা। চরম ঝুঁকিপূর্ণ বা অতি বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কা থাকলে এ সতর্কতা জারি করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশের আবহাওয়া বেশ অস্থিতিশীল রয়েছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হচ্ছে।
এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুধা প্রদেশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। সে সময় প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক পাহাড়ি বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর।
পড়ুন: হিমবাহ ধস, নাকি উষ্ণতার প্রভাব? নেপালের ভয়াবহ বন্যার নেপথ্যে কী
আর/


