লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে বিশ্বের অন্যতম শীর্ষ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকে স্বাগত জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
২৯ আগস্ট এপিএম টার্মিনালসের চেয়ারম্যান রবার্ট মার্সক উগ্নাকে পাঠানো এক চিঠিতে চেম্বার সভাপতি বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালে এ বিনিয়োগ বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।
চিঠিতে তিনি বলেন, লালদিয়া টার্মিনাল প্রকল্পের প্রভাব কেবল একটি টার্মিনাল নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের অন্যতম শীর্ষ টার্মিনাল অপারেটরের বাংলাদেশে উপস্থিতি দেশের বন্দর ও লজিস্টিকস খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকসের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসকে চট্টগ্রামসহ বাংলাদেশে আরও বৃহৎ অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বিশেষ করে বে-টার্মিনাল, জাহাজ নির্মাণ এবং বৃহৎ শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান চেম্বার সভাপতি। একই সঙ্গে ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার সরকারের লক্ষ্য বাস্তবায়নেও এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
লালদিয়া কন্টেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান উপলক্ষে এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসকে আন্তরিক অভিনন্দন জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি। প্রকল্পটির দ্রুত ও সফল বাস্তবায়নে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
পড়ুন:তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: আমান উল্লাহ আমান
ইমি/


