গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেছেন, সার নিয়ে কিছু গুপ্ত সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কিছু লোক গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে আয়োজিত ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এলাকায় যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করতে পারেন। এছাড়া বিভিন্ন অনাবাদি জমিও চাষাবাদের আওতায় আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদকে সাধুবাদ জানান সংসদ সদস্য এনামুল হক এনাম।
অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে দুই কেজি করে সার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রতি প্রায় ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান এবং মো. ইসমাইল। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পড়ুন : এপিএম টার্মিনালসের ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চেম্বারের স্বাগত


