চুয়াডাঙ্গা জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচলের ধর্মঘট জেলা প্রশাসনের মধ্যস্থতায় প্রত্যাহার করে নিয়েছে বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার (২৮ আগস্ট) আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটিতে বাধা দেন। এ ঘটনার জের ধরে ওই ইজিবাইক চালক তার কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন। এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতা এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর আগে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক গ্রুপ। এতে চরম বিপাকে পড়েন যাত্রী সাধারণ।
সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাগাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেয়া হয়। এই সমস্যা সমাধানে জেলা প্রশাসন বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও ইজি বাইক চালক সংগঠনের নেতৃবৃন্দকে আলোচনায় বসার আহ্বান জানান। জেলা প্রশাসক লুৎফুন নাহারের আহবানে সাড়া দিয়ে শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ফলপ্রসূ হওয়ায় বাস – মিনি বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
পড়ুন : এপিএম টার্মিনালসের ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চেম্বারের স্বাগত


