চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের ৩১ অক্টোবরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মোঃ শামসুদ্দিন (৪১), মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ ইউনুস (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের অনুমতিক্রমে দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসামের নাউটি এলাকার মোঃ সোহাগ, ঢাকার কেরানীগঞ্জের নুরার চর এলাকার সাহিদ হোসেন প্রকাশ শিবলু, কুমিল্লার লাকসামের নাউটি এলাকার মোঃ শামসুদ্দিন ও মোঃ মোজাম্মেল হক, কুমিল্লার সদর দক্ষিণের ঘোষগাঁও এলাকার মোঃ ইউনুস এবং লাকসাম পৌরসভার পশ্চিম গাঁ (ঠাকুর পাড়া) এলাকার মোঃ সাইফুল ইসলাম স্বপন।
পুলিশ জানায়, উদ্ধার করা দুটি VISION 48V 100 AH ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


