হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে তেল পরিবহন স্বাভাবিক রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক নিরাপত্তা সূত্র বলেছে, দক্ষিণাঞ্চলীয় পথে তেল পরিবহনের যে চিত্র ওয়াশিংটন তুলে ধরছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না।
শনিবার (২৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে ওই নিরাপত্তা সূত্র জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে—যুক্তরাষ্ট্রের এ বক্তব্য ‘মাঠপর্যায়ের বাস্তবতার বিপরীত’। সূত্রটির দাবি, বিশ্ববাজারে জ্বালানির দাম প্রভাবিত করার উদ্দেশ্যে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর ‘মনস্তাত্ত্বিক প্রচারণার’ অংশ।
ইরানি সূত্রের মতে, দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রয়েছে—এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের নির্ধারিত উত্তরাঞ্চলীয় রুটকে অকার্যকর হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
ওই সূত্র আরও দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ রাখার প্রচেষ্টা ইরান অব্যাহত রেখেছে। ইরানের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা এবং সতর্কবার্তা দেওয়ার পর কিছু তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তনের ঘটনাগুলোকে এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ইরানি নিরাপত্তা সূত্রটি প্রশ্ন তুলেছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুটে যদি সত্যিই তেল পরিবহন স্বাভাবিক থাকে, তাহলে ওয়াশিংটন কেন ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চাপ প্রয়োগ করছে?
তেহরানের দাবি, হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য আন্তর্জাতিক জনমত ও জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের কৌশলের অংশ।
পড়ুন: গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
আর/


