লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
রবিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় রুবেল সুপারি গাছ থেকে সুপারি পাড়ার জন্য রিয়াদকে গাছে উঠতে বলেন। এতে রিয়াদ রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
ছুরিকাঘাতে রিয়াদের বুক, পেট ও বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পিতা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পড়ুন : ‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়
সা/


