ইচ্ছাশক্তি আর জেদ থাকলে বয়স যে পড়াশোনার পথে কোনো দেয়াল তুলে দাঁড়াতে পারে না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন গাজীপুরের বেলায়েত শেখ। দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ৫৯ বছর বয়সে এসে তিনি স্নাতক (সম্মান) ডিগ্রীতে উন্নীত হয়েছে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্সের চূড়ান্ত পরীক্ষায় সম্প্রতি সাফল্য অর্জন করেন বেলায়েত।
পারিবারিক আর আর্থিক টানাপোড়েনে একসময় পড়াশোনা থেমে গেলেও স্বপ্নের পিছু ছাড়েননি তিনি। ২০১৭ সালে ৫০ বছর বয়সে যখন ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন, অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু তিনি দমে যাননি। ২০১৯ সালে এসএসসি আর ২০২১ সালে এইচএসসি পার করেন সুনামের সাথে। এরপর উচ্চশিক্ষার টানে একে একে লড়েছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়।
সম্প্রতি তার সাফল্যের অপেক্ষার শেষ প্রহরে জীবনের গল্প, শেষ বয়সে শিক্ষার প্রবল আগ্রহ ভবিষ্যত চিন্তাধারা নিয়ে নাগরিক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।
২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শুরু হয় তাঁর ক্যাম্পাসের দিনগুলো। বয়সে ছোট ছোট সহপাঠীদের মাঝে নিজেকে খাপ খাইয়ে নিয়ে, সব প্রতিকূলতা সামলে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিয়েছেন তিনি।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, শিখতে চাইলে বয়সের কোনো সীমা লাগে না। ইচ্ছা আর একটু কষ্ট করার মানসিকতা থাকলেই যেকোনো স্বপ্ন ছোঁয়া যায়। বয়স হয়ে গেছে ভেবে যারা পড়ালেখা ছেড়ে দিয়েছেন, সুযোগ পেলেই তাদের আবার বই-খাতায় ফেরা উচিত।
তার এই কৃতিত্বে বোজাই যাচ্ছে উল্লাসের জোয়ার বইছে পরিবার, সহপাঠী আর শিক্ষক মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ ভাসাচ্ছেন প্রশংসার জোয়ারে। ৫৯ বছর বয়সে বেলায়েতের এই অর্জন কেবল একটি ডিগ্রি পাওয়া নয়, বরং যে কারো থমকে যাওয়া স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার এক জীবন্ত অনুপ্রেরণা।
পড়ুন : দীর্ঘ ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের শাহাদাতস্থলে প্রথম শ্রদ্ধা


